ইমরান খান ও বুশরা বিবিকে একাকী বন্দি না রাখার নির্দেশ হাইকোর্টের

প্রকাশ:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আর একাকী বন্দি রাখা যাবে না। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি খাদিম হুসেইন সুমরো এই নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন।

কারাগারে ইমরান খান ও বুশরা বিবিকে একাকী বন্দি রাখা হয়েছে—এমন অভিযোগ এনে আদালতে পৃথক আবেদন করা হয়েছিল। ইমরান খানের পক্ষে তার বোন আলিমা খান এবং বুশরা বিবির পক্ষে মুবাশারা খাওয়ার মানেকা এই আবেদনগুলো করেন। আদালত শুনানি শেষে নুসরাত ভুট্টো ও বেগম শামীম আফ্রিদি মামলাসহ আগের বিভিন্ন রায়ের দৃষ্টান্ত টেনে আবেদনগুলো গ্রহণ করেন এবং নিষ্পত্তি করেন।

ঘোষিত রায়ে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, কোনো অবস্থাতেই যেন ইমরান খান ও বুশরা বিবিকে একাকী বন্দিত্বে রাখা না হয়। এছাড়া কারা বিধিমালা অনুসরণ করে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত সাক্ষাতের ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দেখা করার সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

একই সঙ্গে দুই ছেলের সঙ্গে ইমরান খানের টেলিফোনে কথা বলার সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই নির্দেশনায় একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে; যদি এই ফোনালাপের রেকর্ড কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়, তবে কারা কর্তৃপক্ষ চাইলে এই সুবিধা বাতিল করতে পারবে।

এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ করতে এবং কারা বিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশনাগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা উল্লেখ করে আগামী ১৫ দিনের মধ্যে আদিয়ালা কারাকর্তৃপক্ষকে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

শেয়ার করুন