জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে রড ও প্লাস দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মেহেদী হাসান শাপলাকে (৩৫) গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। নিহত মাসুদা বেগম (২৮) কালাই উপজেলার হারুঞ্জা সাহাপাড়া গ্রামের মৃত দিলবর মণ্ডলের মেয়ে এবং একই গ্রামের বাসিন্দা ছিলেন। ২০ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের ১৩ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার বেলা ১১টার দিকে পারিবারিক বিরোধের জেরে স্বামী শাপলা লোহার রড ও প্লাস দিয়ে মাসুদা বেগমকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্বজনরা তাকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মো. বশির উদ্দিন বাদী হয়ে আদালতে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। স্থানীয় গ্রামবাসী অভিযুক্ত স্বামী মেহেদী হাসান শাপলাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ জানান, ভুক্তভোগীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





