কম্বোডিয়ায় নারী পাচার ও নির্যাতনের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

প্রকাশ:

কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচার, পাসপোর্ট ও অর্থ জোরপূর্বক আত্মসাৎ এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের দায়ে মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) গত ২১ জুলাই ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে মো. রুবেলকে (২৯) গ্রেপ্তার করে। রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা গ্রামের বাসিন্দা রুবেল এই মানবপাচার চক্রের অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে কাজ করছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আর্থিক সংকটে থাকা ভুক্তভোগী নারী স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সময় সেখানে কর্মরত রুবেলের সঙ্গে পরিচিত হন। রুবেল তাকে কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। প্রাথমিক পর্যায়ে রুবেল ভুক্তভোগীকে ওই এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেন এবং সেই টাকা ও ভুক্তভোগীর পাসপোর্ট নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও অর্থ আদায় করে মোট চার লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হলে চক্রের অন্য সদস্যরা তার পাসপোর্ট ও অর্থ জোরপূর্বক কেড়ে নেয়। তাকে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক কাজ করানো হতো এবং উপার্জিত অর্থ আত্মসাৎ করা হতো। অবৈধ কাজে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এছাড়া তাকে প্রাণনাশের হুমকি এবং অন্য দালালের কাছে বিক্রি করে দেওয়ার ভয় দেখানো হয়। পরবর্তীতে স্থানীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থার সহায়তায় গত ১ জুলাই ভুক্তভোগী দেশে ফিরে আসেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সিআইডির তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রুবেলকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের আদেশে তার জবানবন্দিও গ্রহণ করা হয়েছে।

সিআইডি কর্মকর্তা আবু তালেব জানান, মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্তকরণ, আর্থিক লেনদেনের উৎস এবং বিদেশে অবস্থানরত সম্ভাব্য অন্যান্য ভুক্তভোগীদের উদ্ধারের লক্ষ্যে তদন্ত চলমান রয়েছে। একইসঙ্গে সংস্থাটি সাধারণ মানুষকে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে উচ্চ বেতনের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সরকারি অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় যাওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন