টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন চলমান রাখা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি পরিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হলেও, স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী অন্যান্য বোর্ডের কেন্দ্রগুলো পরীক্ষা নেওয়ার জন্য পুরোপুরি উপযোগী রয়েছে।
পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্বীকার করা হয়েছে যে, কিছু কেন্দ্রে অপ্রত্যাশিত ভোগান্তি সৃষ্টি হয়েছিল। বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সমস্যা দেখা দিলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শেষ পর্যন্ত তারা পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন।
পরীক্ষা বারবার স্থগিত না করার যৌক্তিকতা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ লাখের বেশি পরীক্ষার্থীর শিক্ষাজীবন, ফলাফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বিবেচনা করলে বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানানো হয়েছে।




