ইয়েমেনের হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সৌদি আরবের সেনাবাহিনী এবং তাদের সঙ্গে থাকা ভাড়াটে যোদ্ধাদের সরাসরি হুমকি দিয়েছেন। শুক্রবার (০৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইয়েমেনে থাকা সৌদি বাহিনী, তাদের ভাড়াটে যোদ্ধা এবং তাদের সামরিক ঘাঁটিগুলোর জন্য কোনো নিরাপত্তা নেই।
আল-আসাদ আরও বলেন, হুথিদের সামরিক অভিযানের নিন্দা জানানো দেশগুলো চাইলে নিজেদের ভূখণ্ডে সৌদি সামরিক ঘাঁটি স্থাপন এবং নিজেদের নাগরিকদের মধ্য থেকে ভাড়াটে যোদ্ধা নিয়োগের সুযোগ দিতে পারে।
অন্য এক পোস্টে এই হুথি কর্মকর্তা দাবি করেন, নিজেদের অধিকার পুনরুদ্ধার, ইয়েমেনের ওপর অবরোধ প্রত্যাহার এবং জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে বাধা সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের সশস্ত্র বাহিনীর জন্য অপরিহার্য হয়ে পড়েছে। জাতীয়তা বিবেচনা না করে যারা ইয়েমেনিদের অধিকার আদায়ের পথে বাধা দেবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।





