জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান যে, তারা যেন সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করেন এবং সেখানে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।
সংসদে বিরোধী দলগুলোর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতার হাত না বাড়িয়ে যদি আগে সব দাবি পূরণের শর্ত জুড়ে দেয় এবং এরপরও সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেয়, তবে সেটিকে প্রকৃত সহযোগিতা বলা যায় না। তিনি আরও বলেন, একতরফাভাবে সব দাবি মানতে হবে এবং একইসঙ্গে আপনারা কমিটিতে আসবেন না—এমনটা হতে পারে না।
তিনি বিরোধী দলের সদস্যদের আশ্বস্ত করে বলেন, আপনারা কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা তা লিপিবদ্ধ করব। আপনাদের সমস্ত বক্তব্য সেই প্রতিবেদনে থাকবে এবং জাতি আপনাদের সেই বক্তব্য জানতে পারবে।
সংবিধান সংশোধন প্রক্রিয়াকে উন্মুক্ত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই কমিটিতে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, আবার কিছু প্রস্তাবে সবাই একমতও হতে পারেন। সংবিধানে নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে বিরোধী দলগুলো কমিটিতে আসবে এবং তাদের অংশগ্রহণকে স্বাগত জানানো হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে এসে কিছুটা হাস্যরস করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বলেন, আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।





