পুলিশে নিয়োগে কোনো দলীয় প্রভাব ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ছয় মাসে পুলিশে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা দলীয় প্রভাব বিবেচনা করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব শেষে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা তুলে ধরা হয়, যেখানে নিয়োগ প্রক্রিয়ার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তা নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেয়া হয়। সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরো কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনের মতো পদক্ষেপ নেয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

এছাড়াও সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সাথে ২০২৭ সালের ৩০ জুন সমাপ্ত হতে যাওয়া অর্থবছরের জন্য বিস্তারিত বাজেট ও ব্যয় তথ্য তুলে ধরা হয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৩১ হাজার ৯৯ কোটি টাকা, যার মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট দুই হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও কমিটির সদস্য হিসেবে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, মো: কামরুজ্জামান, মো: মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো: নুরুল ইসলাম এবং মো: আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন