মানব পাচার কেবল ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, এটি সমাজের মূল ভিত্তিকেও চরমভাবে আঘাত করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে পুঁজি করে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। প্রযুক্তিভিত্তিক এই অপরাধের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চলতি বছরের ‘বিশ্ব মানব পাচার বিরোধী দিবস’-এর প্রতিপাদ্য ‘ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম’-এর প্রাসঙ্গিকতা টেনে মন্ত্রী সতর্ক করেন যে, আন্তর্জাতিক অপরাধী চক্রগুলো এখন সীমান্ত পার করে মানুষকে সাইবার স্ক্যাম, প্রতারণামূলক কাজ এবং দাসত্বমূলক শ্রমে বাধ্য করছে। এই নতুন বৈশ্বিক সংকট মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই ‘কাউন্টারিং সাইবার এনাবেল্ড হিউম্যান ট্রাফিকিং থ্রু টেকনোলজি’ শীর্ষক বিশেষ সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে চালানো পাচার কার্যক্রম দ্রুত শনাক্ত করা, আইনি পদক্ষেপ নেওয়া এবং উদ্ভাবনী উপায়ে ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা।
স্বরাষ্ট্রমন্ত্রী এই অপরাধ দমনে একক কোনো দেশের চেষ্টার চেয়ে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের অংশীদারিত্বই এই ব্যাধি নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে তিনি আইওএম এবং আর্থিক সহায়তাকারী সংস্থা 'কইকা'কে (KOICA) ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ‘লিসেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। ‘লিসেন’ হলো দেশে পাচারের শিকার ভুক্তভোগী নারী, পুরুষ ও শিশুদের অভিজ্ঞতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ওপর তৈরি প্রথম তথ্যচিত্রভিত্তিক আলোকচিত্র গ্রন্থ। এ সময় মন্ত্রী বলেন, পরিসংখ্যানের বাইরেও সারভাইভারদের এই বাস্তব অভিজ্ঞতাগুলো অপরাধের বিরুদ্ধে জাতীয় অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলসকে অভ্যর্থনা জানানো হয়। আইওএম বাংলাদেশ-এর চিফ অব মিশন ড. লরা টম বন্ডে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





