পাউরুটি উৎপাদনের সময় বিষাক্ত রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেছেন। সোমবার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এই রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত তার রুলে জানতে চেয়েছেন, পাউরুটি বাজারজাতকরণের সময় এর প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’—এমন ঘোষণা কেন বাধ্যতামূলক করা হবে না। আগামী চার সপ্তাহের মধ্যে খাদ্য সচিব, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, বিএসটিএআই মহাপরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল, সাথে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার।
গত ১৮ জুলাই গণমাধ্যমে ‘পাউরুটিতে মিলছে ক্যানসারের উপাদান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের (এমএইচআরজিএফ) চেয়ারম্যান কবীর আলমগীর গত ২৬ জুলাই এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে পাউরুটি উৎপাদনের পর বাজারজাতকরণ বা প্যাকেটজাতকরণের সময় পটাশিয়াম ব্রোমেট সংক্রান্ত ঘোষণা ও উপকরণের নাম উল্লেখ বাধ্যতামূলক করা এবং ক্যানসার সৃষ্টিকারী এই রাসায়নিকের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।
রিটকারী কবীর আলমগীর জানান, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্য, ভারত ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্তত ৪০টি দেশে পটাশিয়াম ব্রোমেট নিষিদ্ধ। যদিও বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২২ সালে এটি নিষিদ্ধ করেছিল, তবুও এর ব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়ছে। তিনি আরও উল্লেখ করেন, ভেজাল খাদ্যের কারণে বাংলাদেশের ৪৫ লাখ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এবং প্রতিবছর দেশে ১ লাখ ১৭ হাজার মানুষ ক্যানসারে মারা যাচ্ছেন।
২০২১ সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরি পরীক্ষায় ঢাকার বিভিন্ন এলাকার ১৯টি পাউরুটির নমুনার মধ্যে ১৬টিতেই (৮৪ শতাংশ) অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম ব্রোমেট পাওয়া গিয়েছিল। সে সময় পাউরুটিতে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩১ পিপিএম থেকে ১২ দশমিক ৯১ পিপিএম পর্যন্ত। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট এবং পটাশিয়াম আয়োডেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছিল।





