আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ করল হাইকোর্ট

প্রকাশ:

আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিট আবেদনটি 'উত্থাপিত হয়নি' মর্মে খারিজ করেছেন।

এর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন। রিটকারী আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানিয়েছিলেন। সেই সাথে রুল বিবেচনাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ ছিল যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজন।

শেয়ার করুন