গোপন সংবাদের ভিত্তিতে দেশে বোমা হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে দেশের প্রতিটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার রাতে এই নির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের বেলার টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত সদস্যদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানদের ম্যাসেজ এবং বেতার বার্তার মাধ্যমে এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনার আভাস পাওয়া মাত্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।





