যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও এক ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের দক্ষিণ-পশ্চিমে থ্রি ক্রিকস রিজার্ভয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার শনিবার আনুষ্ঠানিকভাবে এই দুই ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং ভয়াবহ দাবানলের তীব্রতার কারণে উদ্ধারকারী দল ২৪ ঘণ্টারও বেশি সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। দীর্ঘ প্রচেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে, দাবানলের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তী সময়ে তা আবার শুরু হয়েছে। এখন পর্যন্ত দাবানলে এক লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।





