দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, আরও বাড়তে পারে শুক্রবার থেকে

প্রকাশ:

টানা তাপপ্রবাহের পর আষাঢ়ের শেষে বর্ষা তার স্বরূপে ফিরেছে। গত দুই দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত) দেশের একাধিক স্থানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে ২৮৭ মিলিমিটার, চট্টগ্রামে ২৮৪ মিলিমিটার এবং কিশোরগঞ্জের নিকলীতে ২৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া একই সময়ে ময়মনসিংহে ১৫১ মিলিমিটার, হাতিয়ায় ১৪৯ মিলিমিটার এবং রাজধানীতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিজ্ঞানের মানদণ্ড অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং এর বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জানান, সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কাও করা হচ্ছে।

রাজধানীর আবহাওয়া প্রসঙ্গে তিনি জানান, বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দিনভর এই অবস্থা বজায় থাকতে পারে। তবে একটানা বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম। আগামী শুক্রবার ও শনিবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আগের মতোই ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শেয়ার করুন