টানা বৃষ্টি ও সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির এই ধারা এখনো অব্যাহত থাকায় অফিসগামী চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
রবিবার (১২ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করায় ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এ সময় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে চলমান এই বৃষ্টিজনিত ভোগান্তি আজও অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।





