৩৭তম জন্মদিনের আগেই না ফেরার দেশে হলিউড তারকা হেইডেন প্যানেটিয়ের

প্রকাশ:

পর্দায় লাখো দর্শকের আনন্দ ও আলো ছড়ানো জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের আর নেই। নিজ ৩৭তম জন্মদিনের মাত্র চার দিন আগে এই হলিউড তারকার আকস্মিক প্রয়াণ ঘটে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রীর প্রতিনিধি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

শোকবার্তায় তার প্রতিনিধি বলেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা প্রিয় হেইডেনের প্রয়াণের সংবাদটি জানাচ্ছি। তিনি নিজের কাজের মাধ্যমে সবার জীবনে এবং পর্দায় কোটি দর্শকের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন।”

‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির এই তারকা সামাজিক ও ব্যক্তিজীবনে মাদকের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়ে সবসময়ই খোলামেলা ছিলেন। ২০২০ সালে পুনর্বাসন কেন্দ্রে সময় কাটিয়ে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফেরেন। তবে ২০২৩ সালে মাত্র ২৮ বছর বয়সে তার ছোট ভাই জ্যানসেন হৃদরোগে মারা গেলে বড় ধরনের মানসিক ধাক্কা পান তিনি।

চলতি বছরের মে মাসেই প্রকাশিত হয়েছিল তার লেখা প্রথম গ্রন্থ ‘দিস ইজ মি: এ রেকনিং’। জনপ্রিয় টিভি সিরিজ ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নসের দুর্দান্ত চরিত্রের জন্য দুইবার মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন লাভ করেছিলেন এই গুণী অভিনেত্রী। এছাড়া ‘হিরোস’ সিরিজে তার সাবলীল অভিনয় বিশ্বজুড়ে ভূয়সী প্রশংসা কুড়ায়।

শেয়ার করুন