২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এসে জনগণকে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, বিএনপি ক্ষমতায় থাকাকালে জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সভার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের সেই ত্যাগের প্রতি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জুলাইয়ের পক্ষের শক্তি। তিনি দাবি করেন, দেশে এখনো মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির মতো সমস্যাগুলো পুরোপুরি নির্মূল হয়নি। দ্রব্যমূল্যের চাপ এবং বেকারত্বের সমস্যাও আগের মতোই রয়ে গেছে। তার অভিযোগ, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভাজনের রাজনীতি এখনো সক্রিয়।

তিনি আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে দুর্নীতির ধরন বা পক্ষ পরিবর্তন হলেও প্রকৃত পরিবর্তন আসেনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, সোনাগাজীতে আগে এক পক্ষ বালুর ব্যবসা ও মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ করত, এখন অন্য পক্ষ একই কাজ করছে। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকারপ্রধান এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও গত ছয় মাসে প্রত্যাশিত কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। শিক্ষিত যুবকদের চাকরি দেওয়ার পরিবর্তে সমাজে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে বলেও তিনি মন্তব্য করেন। জনগণের প্রকৃত অবস্থা বুঝতে হলে সাধারণ মানুষের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন