শেখ হাসিনার বাজেয়াপ্ত সম্পদ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার উদ্যোগ

প্রকাশ:

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামিদের সম্পদ বাজেয়াপ্ত এবং সেই সম্পদ জুলাই শহীদদের পরিবারের মাঝে বণ্টনের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যপ্রণালি বা বিধি সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাইব্যুনাল থেকে চিফ প্রসিকিউটরের কার্যালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রসিকিউশন ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, দণ্ডিত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট প্রক্রিয়া বা দিকনির্দেশনা বর্তমানে আইনে নেই। তিনি বলেন, 'কোন প্রক্রিয়ায় সম্পদ আদায় হবে, তার সংশোধনী নেই। এটা লাগবে। এ লক্ষ্যে আমরা একটি সেমিনার করব। ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় পরামর্শ দেব। ট্রাইব্যুনালই কার্যপ্রণালি সংশোধন করবেন।' এর আগে দণ্ডিত কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার নজির নেই বলেও তিনি উল্লেখ করেন।

ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানান, আসামিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ থাকলেও কোন সংস্থার মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় তা কার্যকর হবে, তা আইনে স্পষ্ট ছিল না। এই আইনি সীমাবদ্ধতা দূর করতেই ট্রাইব্যুনাল বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ অনেক দণ্ডিত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। গত ১২ আগস্ট চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনাল-২-এর বিচারকের কাছে এ বিষয়ে নির্দেশনা চেয়েছিলেন, কারণ কার্যপ্রণালিতে উল্লেখ না থাকায় সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ কার্যকর করা যাচ্ছিল না। শুনানিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রসিকিউশনকে এ বিষয়ে কাজ করার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই রায়ে জুলাই শহীদদের উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে রায়ের কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানিয়েছে, দণ্ডিত আসামিদের সম্পদ বিক্রি করে পাওয়া অর্থ শহীদদের পরিবারের মাঝে বিতরণের এই প্রক্রিয়াটি ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে।

শেয়ার করুন