ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শনিবার দিবাগত রাত ৩টায় বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে প্রতিপক্ষ দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের সঙ্গে কোনো ধরনের তুলনায় যেতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। রয়টার্সের তথ্য অনুযায়ী, কেইন পরিষ্কার জানিয়েছেন যে ব্যক্তিগত গোল্ডেন বুট জেতার চেয়ে তার প্রধান লক্ষ্য থ্রি লায়নসদের বিশ্বসেরার ট্রফি এনে দেওয়া।
চলতি আসরে হালান্ড এখন পর্যন্ত ৭টি গোল করেছেন, যা কেইনের চেয়ে একটি বেশি। তালিকার শীর্ষে থাকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা ৮টি করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ৩২ বছর বয়সি কেইন জানান, হালান্ডের সঙ্গে তার তুলনা করা অসম্ভব, কারণ তারা সম্পূর্ণ ভিন্ন ধারার খেলোয়াড়। তিনি বলেন, আমরা দুজনেই সিনিয়র স্ট্রাইকার হলেও মাঠে প্রায় দুটি ভিন্ন পজিশনে খেলি। নিজের খেলার ধরন ব্যাখ্যা করতে গিয়ে কেইন জানান, তিনি বল হোল্ড করা বা মাঠে বেশি সময় বল ছোঁয়া পছন্দ করেন, তবে প্রয়োজন পড়লে পুরোদস্তুর ‘নম্বর নাইন’ হিসেবেও খেলতে সক্ষম।
প্রতিপক্ষ ফরোয়ার্ডের ভূয়সী প্রশংসা করে কেইন তাকে ‘মেশিন’ ও ‘দানব’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আর্লিং অবিশ্বাস্য, ওর ফিনিশিং সর্বোচ্চ স্তরের এবং গোল করার রেকর্ডই ওর হয়ে কথা বলে। রসিকতা করে কেইন যোগ করেন, আগামীকালের ম্যাচে যেন হালান্ড শান্ত থাকে সেই প্রত্যাশা তার। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে বিশ্বকাপ জয়কেই বড় অর্জন মনে করেন এই ইংলিশ স্ট্রাইকার। তিনি বলেন, দলের মূল গোলদাতা হিসেবে আমার গোল করাটা স্বাভাবিকভাবেই দলকে সাহায্য করবে, তবে মূল লক্ষ্য বিশ্বকাপ জয়ই।
পরিসংখ্যানের দিকে তাকালে নরওয়ের বিপক্ষে ৭-২ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। এমনকি গত চার দেখায় নরওয়ে ইংলিশদের জালে কোনো গোল করতে পারেনি। তবে স্টেল সোলবাকেনের বর্তমান নরওয়ে দল ব্রাজিলকে হারিয়ে এবং ৫ ম্যাচে ১২ গোল করে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে এই ম্যাচে মাঠে নামছে। এই লড়াইয়ে জয়ী দল সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।




