হলিউড অভিনেত্রী গুইনেথ প্যালট্রো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে যুক্ত হয়েছেন। তবে তার প্রথম পোস্টটিই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে তাকে টপলেস অবস্থায় দেখা গেছে। বিভিন্ন স্থানে ধারণ করা দৃশ্যগুলোর সমন্বয়ে তৈরি এই ভিডিওতে প্যালট্রোকে বিলাসবহুল সাদা চাদরে মোড়ানো বিছানায় এবং বাথটাবে বিশ্রাম নিতে দেখা যায়। ভিডিওর বিভিন্ন অংশে তাকে হেলিকপ্টার, নৌকা, বাগান এবং ব্যক্তিগত বিমানে বসে একই সংলাপ বলতে শোনা যায়, যেখানে তিনি বলেন, ‘এক সেকেন্ড, আমি শুধু একটা টিকটক করছি।’
৫৩ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রী বর্তমানে তার ওয়েলনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘গুপ’ পরিচালনা করছেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রয়াত পরিচালক ব্রুস প্যালট্রো ও অভিনেত্রী ব্লাইথ ড্যানারের মেয়ে। তার সাবেক স্বামী কোল্ডপ্লে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে তার ২২ বছর বয়সী মেয়ে অ্যাপল এবং ২০ বছর বয়সী ছেলে মোজেস রয়েছে। ২০১৮ সাল থেকে তিনি টেলিভিশন প্রযোজক ব্র্যাড ফ্যালচুকের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন।
প্যালট্রো গত বছর ‘মার্টি সুপ্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন। ২০২৪ সালে শুটিং চলাকালে সহ-অভিনেতা তিমোথি শ্যালামের সঙ্গে তার চুম্বনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া এই ছবি নিয়ে তিনি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে নিজের চরিত্র ও ভাইরাল হওয়া চুম্বনের ছবি প্রসঙ্গে হাস্যরসাত্মক মন্তব্য করেছিলেন।
এদিকে, প্যালট্রো সম্প্রতি ইসরাইলের একটি আবাসন প্রকল্পের প্রচারণায় অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। হার্জলিয়া শহরের ‘৫১ পার্ক’ নামের ওই বিলাসবহুল প্রকল্পের বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছিল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আভিভ মেলিসরনের সঙ্গে এই অংশীদারিত্বের কারণে অনেক নেটিজেন অভিযোগ করেন যে, তিনি গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের টিকটকে আসার বিষয়টি শেয়ার করার পর থেকেই নতুন এই ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।





