ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে বুধবার থেকে ডিএমপির পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি এতদিন গুলশান বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র জানায়, গত শুক্রবার গুলশান এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনা ঘটে। পরবর্তীতে গত সোমবার অনুষ্ঠিত ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওই মিছিলের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপরই গুলশান থানার ওসির বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।





