১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানের ডিসি এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে বদলি

প্রকাশ:

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনার জেরে এবার গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে তাকে ডিএমপি সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে তাকে সদর দপ্তরে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ আদেশে জানানো হয়নি।

এর আগে বুধবার সকালেই গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। প্রশাসনিক কারণে তাকেও ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন। পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং পাঁচটি তাজা ককটেল উদ্ধারের তথ্য জানিয়েছিল।

শেয়ার করুন