ডেটা ফুরিয়ে গেলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুবিধা আনল গ্রামীণফোন

প্রকাশ:

দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য নতুন একটি সেবা চালু করেছে, যার নাম ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’। মেটার সঙ্গে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহায়তায় এই সেবাটি চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়ায় প্রথমদিকের উদ্যোগগুলোর মধ্যে এটি অন্যতম। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এই নতুন ফিচারের আওতায় গ্রাহকদের মোবাইল ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও তারা ইনস্টাগ্রামের কিছু মৌলিক সুবিধা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা নোটিফিকেশন দেখার পাশাপাশি পোস্টের ক্যাপশন পড়তে পারবেন এবং সাধারণ ছবি বা রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে ডেটা না থাকলেও ইনস্টাগ্রাম কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকা সহজ হবে।

গ্রামীণফোন জানিয়েছে, ব্যবহারকারীরা যদি ইনস্টাগ্রামের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে চান, তবে তারা অ্যাপ থেকেই সহজে নতুন ডেটা প্যাক কিনতে পারবেন। ডেটা প্যাক সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ফুল-ফিচার মোডে ফিরে যাবে। তখন ব্যবহারকারীরা হাই-রেজ্যুলেশন ছবি, ভিডিও এবং অন্যান্য সব সুবিধা আগের মতো ব্যবহার করতে পারবেন।

নতুন এই সেবা চালু প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) সোলায়মান আলম বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন সেবা নিয়ে আসছে। ডিজিটাল জীবনধারা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে এই ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ গ্রাহকদের ডেটা শেষ হয়ে গেলেও প্রয়োজনীয় তথ্য জানা এবং সবার সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

শেয়ার করুন