১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বাধ্যতামূলক

প্রকাশ:

দেশের সকল গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১ আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হবে। মঙ্গলবার (২৮ জুলাই) বিআরটিএ-এর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুনের প্রজ্ঞাপন অনুযায়ী, গণপরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সড়ক ব্যবস্থাকে নিরাপদ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস ডিভাইসের কার্যকারিতা প্রমাণ করতে হবে। সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে ডিভাইসের সংযোজন প্রমাণপত্র জমা দেওয়ার পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকর অবস্থা প্রদর্শন করা বাধ্যতামূলক।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ নম্বর ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ নম্বর বিধি অনুযায়ী, ডিভাইসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই কেবল রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ প্রদান করা হবে। জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য সংস্থাটির ওয়েবসাইট অথবা স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। পরিবহন মালিক, অপারেটর এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের এই নতুন নিয়ম মেনে বিআরটিএকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন