বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়। আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১২ আগস্ট) বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত বিভিন্ন মাধ্যমে ছড়ানো খবরকে গুজব বলে অভিহিত করেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার। তরুণদের আত্মউন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
একই অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জানান, যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তরুণ উদ্যোক্তাদের ঋণ সহায়তা সহজলভ্য করার পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করার প্রক্রিয়া চলমান রয়েছে।





