আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রকাশ:

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানো এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার লক্ষ্যে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ৫ কার্গোতে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এই এলএনজি কেনা হচ্ছে। সাধারণত প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৪ কার্গো ইতিমধ্যে দেশে পৌঁছেছে। বাকি ৫টি কার্গো এ মাসেই পর্যায়ক্রমে ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট এসে পৌঁছাবে। এই ৯ কার্গোর মাধ্যমে মোট ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগস্টের আমদানিকৃত এলএনজির হিসাব অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১টি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫টি এবং স্পট মার্কেট থেকে ৩টি কার্গো সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্যমতে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারভিত্তিক কাতার অ্যানার্জি এবং ওমানের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং এলএনজি সরবরাহ করে থাকে। এছাড়া স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে। সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকেও এলএনজি সংগ্রহ করে থাকে।

শেয়ার করুন