সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিস্তারিত তুলে ধরেন।
নতুন এই কাঠামো অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী ২০২৭ সালের মধ্যে মূল বেতন তিনটি ধাপে কার্যকর করা হবে। তবে ভাতা দেওয়ার বিষয়টি ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রথম ধাপে এ বছরের জুলাই থেকে ছয় মাসের জন্য ৫০ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ এবং ২০২৭ সালের জুলাই থেকে তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হবে। এর ফলে প্রথম ধাপে ৫০ শতাংশ বৃদ্ধির পর দ্বিতীয় ধাপে মোট ৭৫ শতাংশ এবং শেষ ধাপে মূল বেতনের শতভাগ বর্ধিত অংশ পাবেন এই গ্রেডের কর্মীরা।
অন্যদিকে, প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীদের জন্য প্রথম ধাপে গত ১ জুলাই থেকে ৪০ শতাংশ বর্ধিত মূল বেতন বাড়বে। দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি আরও ৩০ শতাংশ এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে অবশিষ্ট ৩০ শতাংশ বাস্তবায়ন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, ২০২৭ সালের শেষ নাগাদ মূল বেতনের তিনটি ধাপ সম্পন্ন হবে এবং ২০২৮ সাল থেকে বেতন ও ভাতা সবই একযোগে কার্যকর হবে।





