গণপূর্ত অধিদপ্তরে সুশাসন ও স্বচ্ছতায় নতুন অধ্যায়

প্রকাশ:

দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের গতিশীল ও সময়োপযোগী নেতৃত্বে মাঠপর্যায়ের কাজের মানোন্নয়ন এবং দাপ্তরিক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর ও আপসহীন অবস্থান অধিদপ্তরের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আস্থার পরিবেশ তৈরি করেছে।

মাঠপর্যায়ের প্রকৌশলীদের মতে, প্রধান প্রকৌশলীর দৃঢ় প্রশাসনিক দক্ষতা, কার্যকর তদারকি এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলেই অধিদপ্তরের কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বেড়েছে। সরকারি অর্থের অপচয় রোধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। বিভিন্ন প্রকল্পে অনিয়ম, চুক্তির শর্ত লঙ্ঘন কিংবা নির্ধারিত সময়ে কাজ শেষ না করার অভিযোগে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি সাহসী পদক্ষেপ নিয়েছেন, যা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান শুধু একজন শীর্ষ কর্মকর্তাই নন, তিনি মাঠপর্যায়ের সৎ ও নিষ্ঠাবান কর্মীদের কাজের স্বীকৃতিকেও গুরুত্ব দেন। অতীতে স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করলেও তার কাজের স্বচ্ছতা ও প্রশাসনিক দৃঢ়তার কারণে সেসব প্রচেষ্টা টেকসই হয়নি। অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল ইসলাম জানান, বর্তমান প্রধান প্রকৌশলী সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ও সুশাসনের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন। অনিয়মে জড়িত ঠিকাদারদের বিরুদ্ধে ডিবার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ফলে অধিদপ্তরে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, প্রধান প্রকৌশলীর বিচক্ষণ সিদ্ধান্তের ফলে প্রকল্পের কাজের মান ও গতি বহুগুণ বেড়েছে। তিনি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও মূল্যায়ন কমিটির দাখিল করা প্রতিবেদন ও সুপারিশ গভীরভাবে যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) ফিরোজ আলম তার নেতৃত্বের প্রশংসা করে বলেন, খালেকুজ্জামানের মতো একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তা নেতৃত্বে থাকায় অধিদপ্তরের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন।

নিজেদের কাজের লক্ষ্য নিয়ে প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান বলেন, গণপূর্ত অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। প্রচলিত আইন ও দাপ্তরিক বিধিবিধান অনুসরণ করে কোনো ধরনের আপস ছাড়াই জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করাই তার লক্ষ্য বলে তিনি জানান।

শেয়ার করুন