বিশ্বজুড়ে ফেসবুক ও ম্যাসেঞ্জারে কারিগরি বিভ্রাট, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

প্রকাশ:

বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এক বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছেন। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টার পর থেকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। শুধুমাত্র ফেসবুক নয়, মেটার মালিকানাধীন ম্যাসেঞ্জার অ্যাপটিও ব্যবহার করা যাচ্ছে না।

ডেস্কটপ বা কম্পিউটারের মাধ্যমে ফেসবুক ব্যবহারের চেষ্টা করলে স্বাভাবিক নিউজ ফিডের পরিবর্তে একটি ত্রুটি বার্তা দেখাচ্ছে। সেখানে লেখা রয়েছে, ‘অ্যাকাউন্ট টেমপোরারিলি আনঅ্যাভেইলেবল’ বা অ্যাকাউন্ট সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না। নোটিশে আরও বলা হয়েছে, সাইট-সংক্রান্ত কোনো সমস্যার কারণে অ্যাকাউন্টটি বর্তমানে দেখা যাচ্ছে না এবং ব্যবহারকারীদের কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই বিভ্রাটের অভিযোগ জানিয়েছেন। এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, রোমানিয়া, ইটালি, কানাডা, জর্জিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলো রয়েছে। শুধু ফেসবুক বা ম্যাসেঞ্জার নয়, মেটার আরেক জনপ্রিয় সেবা ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়েও অনেকে সমস্যার কথা জানিয়েছেন। ডাউনডিটেক্টর, ইজডাউন, নর্ডভিপিএন এবং ডাউন ফর এভরিওয়ানের মতো বিভিন্ন পর্যবেক্ষক ওয়েবসাইটও ফেসবুকের এই বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেনি। প্রসঙ্গত, এর আগে গত ১২ জুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশিরভাগ প্ল্যাটফর্ম বড় ধরনের বিভ্রাটের শিকার হয়েছিল, যা ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয়।

শেয়ার করুন