সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলের অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২১ জুলাই, মঙ্গলবার বিকেল ৫টা ২১ মিনিটে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, দলটির সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, তা জামায়াতে ইসলামী গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি এবং তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীসহ দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে সামনে এসেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে দলটি জানিয়েছে।





