ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে ১০ হাজার মানুষ

প্রকাশ:

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। প্রাণহানি এড়াতে এবং আগুন নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে দক্ষিণ ফ্রান্সের প্রায় ১০ হাজার বাসিন্দাকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে স্পেন সীমান্তের কাছে ফরাসি পাইরেনিসের পাদদেশে অবস্থিত এক ডজনেরও বেশি শহর ও গ্রামের বাসিন্দারা এই নির্দেশনার আওতায় পড়েছেন।

পেরপিনিয়ানের নিকটবর্তী ত্রেভিলাক এলাকায় শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৪ হাজার ৬০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং আগুন নেভানোর কাজ নতুন করে জোরদার করা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্বখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’-এর ওপরও।

সংকট মোকাবিলায় ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, সাইপ্রাস ও সুইডেন থেকে চারটি বিশেষ অগ্নিনির্বাপক বিমান পাঠানো হচ্ছে।

ফ্রান্সের পাশাপাশি প্রতিবেশী দেশ স্পেনেও দাবানলের আঁচ ছড়িয়ে পড়েছে। সেখানে কাতালোনিয়ার একটি প্রাকৃতিক উদ্যানের ২ হাজার ২০০ হেক্টরের বেশি বনভূমি ধ্বংস হয়েছে। তবে রয়টার্সের বরাতে বিবিসি জানিয়েছে, কাতালোন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী শনিবার রাত থেকেই সেখানকার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা সম্পূর্ণ নেভানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন