গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর হোসেন মার্কেটের লেদুমোল্লা রোড এবং গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এসব অভিযান চালানো হয়। পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ধারালো চাপাতি, দুটি চাকু এবং ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শামীম হোসেন বাবু ওরফে ‘বুক কাটা বাবু’কে (৩৭) গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি চাপাতি ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, শামীম হোসেন বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে।
অপরদিকে, একই রাতে রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পুলিশের আরেকটি দল অভিযান চালায়। এ সময় সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৭: ১৬আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৭: ১৭





