খালেদা জিয়ার মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

প্রকাশ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্র জানায়, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় নজরদারির মাধ্যমে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ‘অপারেশন ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া, ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সৈয়দ জগলুল পাশা আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। বর্তমান মামলায় তার বিরুদ্ধে জাল নথি প্রস্তুত ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি। মামলাটি বর্তমানে আদালতের বিচারিক প্রক্রিয়ার আওতাধীন।

শেয়ার করুন