পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়ে যাওয়ায় মন্ত্রণালয়কে আরও গতিশীল করতে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানের প্রজ্ঞাপন জারি করে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নতুন করে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় বিগত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের চাপ অনেক বেড়েছে। মন্ত্রণালয়ের কাজের পরিধি ও গতি আগের চেয়ে অনেক বেশি হওয়ায় তা সহজতর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মন্ত্রণালয়ের কাজের পরিধি বাড়ার পাশাপাশি নতুন নতুন উইং চালু করা হয়েছে। বর্তমানে অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে বিশেষ কার্যক্রম চলছে। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে, যা আগে ছিল না।





