ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপ সরকারের মেহমান হিসেবে দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে গিয়েছেন। শনিবার মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন মনে করছে, এই সফর দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ড. খলিলের এই সফর ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ভিত্তি তৈরি করবে।
সফরসূচি অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। পাশাপাশি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে উভয় দেশের সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। কূটনৈতিক সূত্র অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালদ্বীপ সফরের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। আগামী ২৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।





