বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীতে শুরু হয়েছে ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপো।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং সেখানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজনকারী প্রতিষ্ঠান ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) জানিয়েছে, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এই সন্ধিক্ষণে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা অত্যন্ত জরুরি।
সম্মেলনে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী, দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনা সহজীকরণ, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ‘ফিকি এফডিআই রিপোর্ট-২০২৬’ উন্মোচন করা হয়। এই প্রতিবেদনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা, টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন বিশ্লেষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে।





