দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এদিন পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪৬ বিলিয়ন বা ৩৬,৫৪৬ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ বা বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের হিসাব কিছুটা ভিন্ন। এই পদ্ধতি অনুসরণ করলে একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৯০৭ বিলিয়ন বা ৩১,৯০৭ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার।




