যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা বাংলাদেশ বিমানের ১২৭ যাত্রী

প্রকাশ:

যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে না পারায় চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন মোট ১২৭ জন যাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং এটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রোববার বিকাল ৪টায় ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির ফলে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি।

আটকা পড়া যাত্রী মো. নুরুজ্জামান জানান, বিকাল ৪টায় ফ্লাইট ছাড়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হওয়ার পরেও তারা কোনো সুনির্দিষ্ট তথ্য পাচ্ছিলেন না। তিনি বলেন, 'ফ্লাইটটি বিকাল ৪টায় ছাড়ার কথা ছিল। কিন্তু এখনো ছাড়েনি। কখন যাব, কিছুই জানি না।'

এদিকে, আটকে পড়া যাত্রীদের দেশে ফেরানোর বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান জানিয়েছেন, তারা যাত্রীদের ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তিনি আরও জানান, রাত ১০টায় বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে, যার মাধ্যমে আটকে পড়া যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

শেয়ার করুন