ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জনের মৃত্যু, গাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশ:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসসহ অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে মহাসড়কের ওপর ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা সড়কে ছড়িয়ে থাকা ডিম কুড়াতে ভিড় করেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা নড়াইল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, ডিমভর্তি গাড়ি উদ্ধারে এলাকাবাসী এগিয়ে এলে বিপরীত দিক থেকে আসা বাসটি তাদের চাপা দেয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে স্থানীয়রা উত্তেজিত অবস্থায় রয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন