কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন অবস্থায় অবৈধভাবে সার মজুদ করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় ওই এলাকা থেকে মোট ৪২ বস্তা সার উদ্ধার করা হয়। এর মধ্যে মো. বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার এবং মানিক মিয়ার কাছ থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী, লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদ করার অপরাধে বেলাল মিয়া ও মানিক মিয়াকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার টহল পুলিশ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, সার সংকট বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করছেন। এ ধরনের নিয়মিত অভিযান পরিচালনা করলে অবৈধ মজুদের প্রবণতা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।





