জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান সব ধরনের বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই বিতর্ক আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে, তা আমাদের বাস্তবায়ন করতে হবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গঠনের বিষয়ে তাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। সরকার বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অনেক আন্দোলন হয়েছে, এখন সময় এসেছে সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি ব্যবস্থা চালু করার, যাতে ভবিষ্যতে কাউকে আর সহিংসতার পথে যেতে না হয়। এ সময় সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।




