ফেসবুক চালু করছে বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ সেবা

প্রকাশ:

অনলাইনে ভুয়া প্রোফাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বাস্তবসম্মত ছবি এবং স্বয়ংক্রিয় বার্তার ব্যবহার দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে ফেসবুক বিনামূল্যে ‘ফেসবুক ভেরিফাইড’ নামের একটি নতুন ব্যাজ সেবা চালু করছে। মেটার মতে, এই ব্যাজটি প্রোফাইলে থাকলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন, যিনি পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

এই সেবাটি পাওয়ার জন্য ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে। পরবর্তীতে এই ভিডিওটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকা ছবির সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সফল হলে তবেই প্রোফাইলে ভেরিফাইড ব্যাজটি যুক্ত হবে। মেটা স্পষ্ট করেছে যে, এই নতুন সেবাটি তাদের পেইড সাবস্ক্রিপশন সার্ভিস ‘মেটা ভেরিফাইড’ থেকে সম্পূর্ণ আলাদা।

প্রাথমিকভাবে ফেসবুক ভেরিফাইড ব্যাজটি ব্যবহারকারীর নিজস্ব প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং প্রোফাইল এবং বিভিন্ন গ্রুপে দেখা যাবে। পরবর্তীতে এটি ফিড পোস্টেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মার্কেটপ্লেসে কেনাবেচা, ডেটিং কিংবা স্থানীয় গ্রুপে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ব্যাজ ব্যবহারকারীদের বাড়তি আস্থা জোগাবে বলে আশা করা হচ্ছে।

তবে এই ব্যাজ থাকার মানে এই নয় যে, ফেসবুক ওই ব্যবহারকারীর আচরণের নিশ্চয়তা দিচ্ছে। যাচাইকৃত অ্যাকাউন্টকেও ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও কমার্স পলিসি মেনে চলতে হবে। এই সুবিধাটি পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটি ভালো অবস্থায় থাকতে হবে। প্রতারণা, স্ক্যাম বা বিভ্রান্তিকর আচরণের ইতিহাস থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। এছাড়া পেজ বা প্রফেশনাল মোডে থাকা প্রোফাইলের জন্য আপাতত এটি প্রযোজ্য নয়।

ফেসবুক ধাপে ধাপে এই সেবাটি চালু করছে। শুরুতে নির্দিষ্ট কিছু বাজারে এটি পাওয়া যাবে এবং পরবর্তীতে অন্যান্য অঞ্চলে সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথম ধাপে এটি চালু হচ্ছে, সে বিষয়ে মেটা বিস্তারিত কিছু জানায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এটি সহায়ক হলেও সেলফি ভিডিও জমা দেওয়ার বিষয়টি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

শেয়ার করুন