নেতিবাচক প্রবৃদ্ধিতে শুরু নতুন অর্থবছর, রপ্তানি আয় কমল ০.৯০ শতাংশ

প্রকাশ:

বাংলাদেশের রপ্তানি খাত ২০২৬-২৭ অর্থবছর শুরু করেছে নেতিবাচক প্রবৃদ্ধির মধ্য দিয়ে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সোমবার (৩ আগস্ট) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। এই সময়ে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারে।

ইপিবির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আগের অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। সেই তুলনায় এক বছরের ব্যবধানে রপ্তানি আয় প্রায় শূন্য দশমিক ৯০ শতাংশ কমেছে।

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পেও (আরএমজি) এই নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে। জুলাই মাসে পোশাক খাত থেকে মোট ৩ দশমিক ৮৮ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা আগের বছরের একই মাসের ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম।

পোশাক শিল্পের উপখাতভিত্তিক তথ্যে দেখা গেছে, নিটওয়্যার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৯০ শতাংশ কম। এছাড়া ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমে জুলাই মাসে ১ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

শেয়ার করুন