পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের জুয়েল মিয়া (২৮)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে কফিনবন্দি হয়ে জন্মভূমিতে ফিরলেন এই প্রবাসী।
গত ৬ জুলাই সৌদি আরবে সংঘটিত সেই সড়ক দুর্ঘটনায় শহীদুল্লাহর ছেলে জুয়েল মিয়া নিহত হন। বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষার পর তার মরদেহ দেশে এসে পৌঁছায়। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর কোনামাটি এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
জুয়েলের অকাল মৃত্যুর খবরে তার পরিবার ও পুরো কোনামাটি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানান, জুয়েল এলাকার অত্যন্ত সহজ-সরল ও ভালো স্বভাবের মানুষ ছিলেন। তিনি তার বাবার তৃতীয় পুত্র। জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এর আগেও একবার প্রতারণার শিকার হয়েছিলেন জুয়েল। এবারও সৌদি আরব গিয়ে নিজের ভাগ্য ফেরাতে পারলেন না তিনি।





