চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার দিবাগত রাত ৩টায় মায়ামিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। সেমিফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে ইংলিশদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। গোল্ডেন বুটের দৌড়ে থাকা এই ফরোয়ার্ড চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭টি গোল করে তালিকার শীর্ষে রয়েছেন।
ম্যাচটিকে সামনে রেখে হালান্ডকে আটকানোর কৌশল নিয়ে কথা বলেছেন ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্স। সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সি এই ফুটবলার স্বীকার করেন যে, হালান্ডকে আটকানো একটি বড় চ্যালেঞ্জ। রসিকতা করে তিনি বলেন, আর্লিং হালান্ডকে কেউ কখনো পুরোপুরি থামাতে পেরেছে কি না তা নিয়ে তার সন্দেহ আছে, তবে তারা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবেন।
রজার্সের মতে, এই বিধ্বংসী ফরোয়ার্ডকে থামানোর কোনো নিখুঁত উপায় নেই। তবে তাদের মূল কৌশল হবে নরওয়েজিয়ান তারকার কাছে বলের জোগান বা সাপ্লাই লাইন কেটে দেওয়া। তিনি বলেন, হালান্ড একজন অবিশ্বাস্য খেলোয়াড় এবং গোলপোস্টের সামনে তিনি অত্যন্ত বিপজ্জনক। তাই বল যেন তার কাছে পৌঁছাতে না পারে এবং তিনি সুযোগ তৈরি করতে না পারেন, সেই দিকেই ইংল্যান্ডের নজর থাকবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, নরওয়ে দলে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডের মতো আরও অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছেন।
উল্লেখ্য, ইংল্যান্ড এই ম্যাচে মাঠে নামছে তাদের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়ের আত্মবিশ্বাস নিয়ে। শেষ ষোলোর লড়াইয়ে ১০ জন নিয়ে খেলে মেক্সিকোকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলেন থমাস টুখেলের শিষ্যরা।




