ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষ হলেও মাঠের বিতর্ক এখনো পিছু ছাড়েনি। ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহামের করা গোলটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের ব্যাখ্যা দিলেও তা গ্রহণ করতে রাজি নন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। তার দাবি, বলটি স্পাইডারক্যামেরার কেবলে লেগেছিল এবং মাঠে উপস্থিত সবাই বিষয়টি স্পষ্টভাবে দেখেছেন।
বিতর্কের সূত্রপাত ঘটে প্রথমার্ধের শেষ দিকে, যখন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের নেওয়া একটি গোলকিক হঠাৎ দিক পরিবর্তন করে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের কাছে পৌঁছায়। সেই বিল্ড-আপ থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। গোল হওয়ার পরপরই নরওয়ের খেলোয়াড়রা ফরাসি রেফারির কাছে অভিযোগ করেন যে, বলটি স্পাইডারক্যামেরার কেবলে লেগেছিল। তবে রেফারি সেই গোল বহাল রাখেন এবং ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। শেষ পর্যন্ত ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
ম্যাচের বিরতিতে রেফারির সাথে কথা বলেন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। তিনি জানান, রেফারি তাকে বলেছেন যে তিনি নিজে কিছু দেখেননি এবং এ বিষয়ে কোনো তথ্য বা বার্তা পাননি। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে বল কেবলে স্পর্শ করেনি, তাই রেফারির এখানে কিছু করার ছিল না। তবে সোলবাকেন বলেন, বেঞ্চে বসে থাকা আমরা সবাই বিষয়টি দেখেছি। এটি যে কেবলে লেগেছিল, তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল।
এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন নরওয়ে কোচ। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক হলেও ম্যাচটি আর নতুন করে খেলার সুযোগ নেই, তাই ঘটে যাওয়া ঘটনা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সোলবাকেন আরও যোগ করেন, তিনি এখন বসে কান্নাকাটি করতে চান না। তার মতে, খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছে এবং যদিও সিদ্ধান্তটি অদ্ভুত, তবুও এটি খেলারই অংশ হিসেবে তাকে মেনে নিতে হচ্ছে।



