দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সৃষ্ট সমস্যা ছয় মাস কিংবা এক বছরে সমাধান করা সম্ভব নয়; এর জন্য ন্যূনতম দুই বছর সময় লাগবে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও জানান, ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতেও দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন। ফলে এর আগে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকার সম্ভাব্য সব পদক্ষেপ দ্রুত গ্রহণের চেষ্টা করছে। দীর্ঘ সময় ধরে গ্যাস অনুসন্ধান না করার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ চলছে এবং কোন ধরনের জ্বালানি কত পরিমাণ লাগবে তা নির্ধারণ করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে, যেখানে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে মানুষ জানতে পারবে। তবে আগামী দুই বছর সবাইকে সাবধান থাকতে হবে।
রাজস্ব আদায়ের পরিকল্পনা সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাস্তবায়ন ও নীতি বিভাগকে আলাদা করা হবে এবং রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে করারোপের লক্ষ্যে একটি তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। ব্যাংক খাতের মূলধনের ঘাটতি এবং খেলাপি ঋণের উচ্চ হারের বিষয়ে তিনি বলেন, এই ঘাটতি এত বেশি যে সরকারের পক্ষে তা পূরণ করা সম্ভব নয়। তাই অর্থায়নের বিকল্প উৎস খুঁজে বের করা জরুরি।
অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং অর্থমন্ত্রী তাদের প্রশ্নের উত্তর দেন।





