দেশের শিক্ষাব্যবস্থায় যেকোনো মূল্যে পরিবর্তন আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কেবল কথার ফুলঝুরি নয়, বরং বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনে দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। তিনি আরও বলেন, সরকারের বাজেট ঘাটতি নেই এবং শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করতে যা যা প্রয়োজন, তার সবই গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। একই অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৩৭টি কলেজের মোট ৫৭ জন শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।





