সহিংসতা পরিহার করে রাজপথে থেকে গঠনমূলক বিরোধিতার আহ্বান সম্পাদকদের

প্রকাশ:

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণতন্ত্র উত্তরণে বিরোধীদলের দায়িত্বশীল ভূমিকা পালনে সহযোগিতা করার জন্য বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সাহায্য কামনা করেছেন। গত সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

সভায় ডা. শফিকুর রহমান বলেন, আমরা সংসদকে কার্যকর রাখতে চাই এবং সব কর্মকান্ডের মূল জায়গা করতে চাই। তিনি আরও বলেন, কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারকে সহযোগিতা করছি। তবে তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘হাও ফার, হাও লং?’ এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকে একটি প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সম্পাদকরা বিরোধীদলকে সহিংস না হয়ে গঠনমূলক বিরোধিতার পরামর্শ দিয়েছেন। সভায় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধীদলীয় নেতা দেশের বর্তমান পরিস্থিতি এবং সংসদে ও বাইরে জামায়াতের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি সম্পাদকদের অবহিত করেছেন। তিনি জানান, ভালো কাজে সরকারকে সহযোগিতা এবং জনস্বার্থ বিরোধী কাজে প্রতিবাদ করার নীতিতেই জামায়াত অটল রয়েছে, তবে এই বিরোধিতা হবে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক।

এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে ১১ দলীয় ঐক্য তথা জামায়াতে ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। তিনি বলেন, জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, না হলে ৭০ ভাগ জনগণ যেখানে আছে আমরা সেখানেই চলে যাব।

শেয়ার করুন