জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি ইসির

প্রকাশ:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। অনুষ্ঠানটিতে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার আলোচনার সূচনা হয়।

ইসি সানাউল্লাহ জানান, জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হলেও বর্তমান কমিশন স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়ে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কমিশনের দক্ষতা এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো সঠিকভাবে আমলে নিতে পারলে সামনের দিনগুলোতে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবজারভেশন মিশনের পক্ষ থেকে দেয়া ১৯টি সুনির্দিষ্ট প্রস্তাবনার কথা উল্লেখ করেন ইসি সানাউল্লাহ। তিনি জানান, এই পরামর্শগুলোকে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং আগামী দিনগুলোতে ইইউর সঙ্গে এই বিষয়গুলো সমন্বয় করা হবে।

এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামী দিনেও সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশেষভাবে নারী, সংখ্যালঘু এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

বুধবার (০৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এসব জানান তিনি।

শেয়ার করুন