রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার এলাকায় কৃষ্ণসাগরের তীরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আরখিপো-ওসিপোভকা গ্রামের সৈকতে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিন শিশুসহ মোট সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, হামলায় আহত মানুষের সংখ্যা বেড়ে অন্তত ৪০ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন দ্রুতগতিতে এসে সৈকতের কাছে বিস্ফোরিত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভাষ্যমতে, হামলার আগে কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। তবে রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের আগে গুলির শব্দ শোনা গিয়েছিল। এতে ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইলেকট্রনিক জ্যামিংয়ের চেষ্টার কারণে ড্রোনটি দিকভ্রষ্ট হয়ে সৈকতে আছড়ে পড়ে থাকতে পারে।
এই ঘটনার পর ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলার অভিযোগ তুলেছেন। তবে ইউক্রেন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দূরপাল্লার ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুই পক্ষই নিয়মিত একে অপরের জ্বালানি অবকাঠামো, গুদাম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে আসছে।





